দক্ষিনদিনাজপুর

বংশীহারী থানার পতরা এলাকায় রাস্তা সংস্কারের কাজ নিম্নমানের হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানিয়রা

বালুরঘাট থেকে মালদা পর্যন্ত রেলের লাইনের নীচে থাকা পাঁচটি সেতু সংলগ্ন বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে রেল দপ্তর। অভিযোগ, রেলের পক্ষ থেকে শুরু হওয়া রাস্তার কাজের গুণগত মান নিম্নমানের। একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকবে বলে অভিযোগ। ঘটনায় বুধবার বংশীহারী থানার পতরা এলাকার সেতু সংলগ্ন রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এন এফ রেলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা। রাস্তা শুরুতেই এমন নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে আগামী দিনে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পরবে বলে অভিযোগ করলেন গ্রামবাসীরা। 

        জানা গেছে, বালুরঘাট থেকে মালদা রেল লাইনের নীচে থাকা পাঁচটি সেতু সংলগ্ন রাস্তা সংস্কারের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার সব গুলির কাজই প্রায় শুরু হয়েছে। বংশীহারী ব্লকের ন্যংরা পীর থেকে রূপাহাটা যাওয়ার রাস্তার মাঝে পতরা এলাকায় কাজ চলছিল এদিন। নিম্নমানের কাজ দেখে রাস্তার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। 

        স্থানীয় বাসিন্দা অলতাপুর রহমান জানান, কাজের গুণগত মান নিম্নমানের, ফলে একটু বৃষ্টি হলেই জল জমে থাকবে রাস্তায়, স্থানীয় এলাকাবাসীদের যাতায়াতে সমস্যা হবে, এই কারণে রাস্তার কাজ বন্ধ করে দেন তারা।

        এবিষয়ে রেল কর্মী জয়ন্ত কুমার পাল জানান, স্থানীয় এলাকার পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছে, যার ফলে তারা রেল লাইনের নীচে থাকা সেতু সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ বদ্ধ করেছেন। তাদের দাবী মেনে আগামীতে রাস্তার কাজ পুনরায় চালু করা হবে।